২১ শতকে ভুয়া তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচারণা বিশ্বজুড়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও সামাজিক আস্থার জন্য এক বড় হুমকিতে পরিণত হয়েছে। তবে দক্ষিণ এশিয়ায় এর প্রভাব সবচেয়ে গভীর ও বিপজ্জনক। কারণ, সামাজিক, ধর্মীয়, জাতিগত ও রাজনৈতিক বিভাজনের জটিল মিশ্রণে গঠিত এই অঞ্চলটি ভুয়া তথ্যের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
যে প্রযুক্তিগুলো একসময় গণতান্ত্রিক অভিব্যক্তিকে উৎসাহিত করেছিল, সেগুলোই এখন বিভাজন ও সংঘাত উস্কে দেওয়ার অস্ত্রে পরিণত হয়েছে। দ্রুত বাড়তে থাকা ইন্টারনেট ব্যবহার, অসম ডিজিটাল শিক্ষা ও গভীর সামাজিক বিভাজনের কারণে দক্ষিণ এশিয়া এখন তথ্যযুদ্ধের অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র। বিশ্বের এক-চতুর্থাংশ জনসংখ্যার এই অঞ্চলের স্থিতিশীলতা এখন নির্ভর করছে কতটা দক্ষভাবে দেশগুলো ভুয়া তথ্যের এই সংকট মোকাবিলা করতে পারে তার ওপর।
তবে বিশেষজ্ঞদের মতে, তৃণমূল পর্যায়ে সচেতনতা, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে যৌথ উদ্যোগ গ্রহণ করলে পরিস্থিতি মোকাবিলা সম্ভব হতে পারে।
ভুয়া তথ্য থেকে বাস্তব সহিংসতা
দক্ষিণ এশিয়ায় ভুয়া তথ্যের সবচেয়ে ভয়াবহ প্রভাব দেখা যায় যখন তা অনলাইনের গণ্ডি পেরিয়ে বাস্তব সহিংসতায় রূপ নেয়। ভারতে সাম্প্রতিক বছরগুলোতে হোয়াটসঅ্যাপ-ভিত্তিক গুজবের কারণে বহু মানুষ নিহত হয়েছেন। শিশু অপহরণের মিথ্যা খবর ছড়িয়ে পড়ার পর vigilante গোষ্ঠীর হাতে নিরীহ মানুষকে হত্যা করা হয়। পরে তদন্তে দেখা যায়, এসব ভিডিও বিদেশ থেকে আনা পুরোনো ফুটেজ, যার সঙ্গে বাস্তব ঘটনার কোনো সম্পর্কই ছিল না।
পাকিস্তানে ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাশাল খানের ওপর মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ ছড়িয়ে তার নির্মম হত্যাকাণ্ডও একইভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব থেকে শুরু হয়। পরবর্তীতে প্রমাণিত হয়, এসব অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসা থেকে চালানো এক পরিকল্পিত প্রচারণা।
বাংলাদেশেও ২০১২ সালে রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলা ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা ছবির ফল। এক বৌদ্ধ যুবকের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে কোরআন অবমাননার সম্পাদিত ছবি পোস্ট করে সংঘাত উস্কে দেওয়া হয়। এতে এক ডজনেরও বেশি মন্দির ধ্বংস হয়।
শ্রীলঙ্কাতেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ঘৃণাবাচক প্রচারণা ২০১৮ সালে মুসলিমবিরোধী দাঙ্গায় পরিণত হয়। গুজব ছড়ানো হয় যে মুসলিম ব্যবসায়ীরা খাদ্যে গোপনে জন্মনিয়ন্ত্রণ ওষুধ মিশিয়ে দিচ্ছে। এই মিথ্যা তথ্য ধর্মীয় উত্তেজনা উস্কে দেয় এবং ব্যাপক সহিংসতা ঘটে।
ভুয়া তথ্যের অর্থনীতি ও রাজনীতি
ভুয়া তথ্যের বিস্তার এখন আর শুধুমাত্র গুজবের ফল নয়, বরং এটি সংগঠিত রাজনৈতিক ও বাণিজ্যিক কাঠামোয় রূপ নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী সংগঠিতভাবে অনলাইন প্রচারণা চালিয়ে জনমত প্রভাবিত করছে। বট, ট্রল অ্যাকাউন্ট ও পেইড ইনফ্লুয়েন্সার ব্যবহার করে প্রতিপক্ষকে আক্রমণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম এমনভাবে কাজ করে যা সংবেদনশীল ও উস্কানিমূলক কন্টেন্টকে বেশি প্রচার দেয়, ফলে ভুয়া খবর ছড়ানো ব্যবসায় পরিণত হয়েছে। ক্লিক ও বিজ্ঞাপনের আয় বাড়াতে অনেক ওয়েবসাইট ও কনটেন্ট নির্মাতা সচেতনভাবে অতিরঞ্জিত বা মিথ্যা খবর প্রকাশ করছে। এতে একটি “অসন্তোষের বাজার” তৈরি হয়েছে, যেখানে সত্যতা নয়, বরং আবেগ ও উত্তেজনা বিক্রি হয়।
প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এখন স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা যেমন ভারতের Boom Live ও বাংলাদেশের FactWatch তথ্য যাচাইয়ের কাজে যুক্ত রয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ও নিজস্ব ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম চালু করেছে। তবে এসব উদ্যোগ ভুয়া তথ্যের স্রোতের তুলনায় অনেক পিছিয়ে।
অন্যদিকে সরকারগুলো ভুয়া খবর রোধের নামে অনেক সময় কঠোর আইন প্রণয়ন করছে, যা মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি করছে। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপে অর্থনীতি ও জনগণ উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকেও বড় ধরনের দায়িত্ব নিতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। স্থানীয় ভাষায় কন্টেন্ট নিয়ন্ত্রণে দুর্বলতা ও অ্যালগরিদমের অস্বচ্ছতা এই সংকটকে আরও তীব্র করছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধ হতে পারে সচেতন নাগরিক সমাজ গঠন। ডিজিটাল সাক্ষরতা এখন আর বিশেষ দক্ষতা নয়, বরং আধুনিক নাগরিকত্বের অপরিহার্য অংশ। স্কুল থেকে শুরু করে সমাজের সব পর্যায়ে তথ্য যাচাই, সমালোচনামূলক চিন্তা ও ডিজিটাল ফরেনসিক জ্ঞানের চর্চা জরুরি।
বিশ্লেষকদের মতে, ভুয়া তথ্য এখন শুধু বিরক্তিকর নয়, এটি দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক ব্যবস্থার অস্তিত্বের জন্য হুমকি। নাগরিকদের একে অপরের বিপক্ষে দাঁড় করিয়ে এবং তথ্যভিত্তিক বিতর্ককে বিকৃত করে এটি গণতন্ত্রের ভিত্তিকে নড়বড়ে করছে। তাই কেবল আইন বা সেন্সরশিপ দিয়ে নয়, বরং শিক্ষা, সচেতনতা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে এই তথ্যযুদ্ধ মোকাবিলা করতেই হবে।
















