নির্বাচন কমিশনের পক্ষপাতের অভিযোগ, প্রধান উপদেষ্টাকে সতর্ক বার্তা
২০০৮ সালের মতো একতরফা নির্বাচন হলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘ভারসাম্যহীন’ হলে মেনে না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ২০০৮ সালের মতো একতরফা নির্বাচন হলে জামায়াত তা প্রত্যাখ্যান করবে।
সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ তাহের অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এ অবস্থার প্রতিকার না হলে জামায়াত শক্তিশালী কর্মসূচিতে যাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত না হওয়াসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে যথাযথভাবে উপস্থাপন করছেন না। ফলে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অবগত নন।
জামায়াতের এই নেতা আরও বলেন, যদি এসব অনিয়ম ও পক্ষপাত অব্যাহত থাকে এবং দেশ একটি গ্রহণযোগ্যতাহীন নির্বাচনের দিকে এগোয়, তাহলে জামায়াত তা কোনোভাবেই মেনে নেবে না।
উল্লেখ্য, বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানানোর পরদিনই জামায়াতের নায়েবে আমিরের এই বক্তব্য এলো। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।















