দ্বিতীয় চালান পৌঁছাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে
সরকারি পর্যায়ে আমদানির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আনার পরিকল্পনা
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। গমবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে ভিড়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
সোমবার (১৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নগদ ক্রয় চুক্তির ভিত্তিতে এই গম আমদানি করা হয়েছে। এটি সরকারি পর্যায়ে পরিচালিত আমদানির দ্বিতীয় চালান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার টু সরকার চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম চলমান রয়েছে। এই চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে আসে।
খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, অন্য একটি সরকারি চুক্তির আওতায় ইতোমধ্যে আরও ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি সম্পন্ন হয়েছে।
এদিকে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মান যাচাই শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।















