প্রশাসনিক পুনর্বিন্যাসে ১১ প্রস্তাবে সায় নিকারের
স্বাস্থ্য খাতে একীভূত মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয়ে নাম পরিবর্তন
সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ও একীভূতকরণসহ চারটি নতুন থানা স্থাপনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
সোমবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটিই নিকারের প্রথম সভা।
সভায় ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’—এই দুটি বিভাগ একত্রীকরণ করে নতুন করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত হয়েছে। তবে মন্ত্রণালয়টির ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।
নিকারের সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়। এর অংশ হিসেবে চারটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন থানাগুলো হলো—
- গাজীপুরের পূর্বাচল উত্তর
- নারায়ণগঞ্জের পূর্বাচল দক্ষিণ
- কক্সবাজারের মাতারবাড়ী
- নরসিংদীর রায়পুরা উপজেলা ভেঙে একটি নতুন থানা
এ ছাড়া সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতি বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশ জারি হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করা হবে।
সভায় অর্থ উপদেষ্টা, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টাসহ সরকারের ছয় উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং ১৪ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
















