কেএলআইএতে ইমিগ্রেশন যাচাইয়ে ধরা পড়ে ভুয়া অস্থায়ী কর্মভিসা
সীমান্ত নিরাপত্তায় শূন্য সহনশীলতার বার্তা মালয়েশিয়া কর্তৃপক্ষের
ভুয়া অস্থায়ী কর্মভিসা ব্যবহার করে মালয়েশিয়া ত্যাগের চেষ্টাকালে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা। ঘটনাটি ঘটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর–এর টার্মিনাল–২ এ।
সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিয়মিত ইমিগ্রেশন যাচাইয়ের সময় ওই বাংলাদেশিকে আটক করা হয়। তিনি বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে প্রস্থান করছিলেন।
প্রাথমিক তদন্তে দেখা যায়, ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে একটি ই-পাস সংযুক্ত ছিল, যা অস্থায়ী কর্মভিসা হিসেবে উপস্থাপন করা হয়। তবে পরবর্তী যাচাইয়ে পাসটি বৈধ নয় এবং ভুয়া বলে সন্দেহ করা হয়।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, যাত্রীর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে একটি ফ্লাইটে যাত্রার কথা ছিল। সন্দেহজনক নথি শনাক্ত হওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে আটক করে টার্মিনাল–২ এর ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে একেপিএস কেএলআইএ–এর এনফোর্সমেন্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
একেপিএস কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তা জোরদারে সংস্থাটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভ্রমণ নথি বা ইমিগ্রেশন পাসের অপব্যবহারের কোনো প্রচেষ্টার ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
















