ক্রিকেটারদের টানা আন্দোলন ও দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নাজমুল ইসলাম নিজে থেকে পদত্যাগ না করলে তাকে বোর্ড পরিচালকের পদ থেকে সরানো সম্ভব নয়। গঠনতন্ত্রে বলা আছে, কেবল মৃত্যু, মানসিক ভারসাম্য হারানো, শৃঙ্খলাজনিত শাস্তি, আর্থিকভাবে দেউলিয়া হওয়া, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকা বা স্বেচ্ছায় পদত্যাগের ক্ষেত্রেই কোনো পরিচালকের পদ শূন্য হতে পারে। নাজমুলের ক্ষেত্রে এসব শর্তের কোনোটি প্রযোজ্য না হওয়ায় তিনি বোর্ড পরিচালক হিসেবেই থাকছেন।
বিসিবির গঠনতন্ত্রে ক্রিকেটারদের জন্য আচরণবিধি থাকলেও পরিচালকদের জন্য এমন কোনো নির্দিষ্ট আচরণবিধি নেই, যা অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোতে বিদ্যমান। এ কারণে পরিচালকদের আচরণগত বিষয়ে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।
বর্তমানে অর্থ কমিটির প্রধান ছাড়া বিসিবিতে নাজমুল ইসলামের আর কোনো দায়িত্ব নেই। জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরানোর পাশাপাশি বিসিবির অন্যান্য কার্যক্রম থেকেও দূরে রাখার সিদ্ধান্ত হয়েছে। ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির মাধ্যমে নাজমুল এবারই প্রথম বিসিবির পরিচালক হয়েছিলেন।
নাজমুলকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয় ক্রিকেটারদের নিয়ে করা কিছু অসৌজন্যমূলক মন্তব্যের পর। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি।
এর জেরে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এক সংবাদ সম্মেলনে জানান, নাজমুল ইসলাম বিসিবির পরিচালক পদ থেকে সরে না গেলে ক্রিকেটাররা কোনো ম্যাচ খেলবেন না। এই অবস্থানের কারণে মিরপুরে বিপিএলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়নি এবং পরবর্তী ম্যাচ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।
পরে কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, বোর্ড যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের শর্ত মেনে নেয়, তাহলে ক্রিকেটাররা আবার মাঠে ফিরবেন। এ অবস্থাতেই বিসিবি নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয়। এখন ক্রিকেটারদের প্রতিক্রিয়ার দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট অঙ্গন।
















