বিকট শব্দে আতঙ্ক, তবে হতাহতের খবর নেই
নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি
খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা খাগড়াছড়ি শহরে ভাড়া বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়েছে। এতে বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অভিযোগের মুখে পড়া বাসাটি খাগড়াছড়ি পার্বত্য জেলার জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী-এর ভাড়া বাসা বলে জানিয়েছে দলীয় সূত্র।
ঘটনার পর প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার উদ্দেশ্যেই জামায়াত প্রার্থীর বাসার সামনে এই ককটেল হামলা চালানো হয়েছে। তিনি ঘটনাটিকে ‘অত্যন্ত ন্যাক্কারজনক’ উল্লেখ করে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।
এদিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দের কথা জানালেও ঘটনাস্থল থেকে বিস্ফোরকের সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি বলেন, ঘটনাস্থলে কিছু প্লাস্টিকের টুকরা পাওয়া গেছে। সেগুলো সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
















