প্রায় এক দশকেও সিআইডির তদন্ত শেষ হয়নি, নতুন সময়সীমা ১৮ ফেব্রুয়ারি
৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় বিচারিক অগ্রগতি নিয়ে গুরুতর প্রশ্ন
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পেছানো হয়েছে। মঙ্গলবার আদালত নতুন করে আগামী ১৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এর মধ্য দিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা ৯২ বার পরিবর্তন হলো।
এর আগে আদালত ১৩ জানুয়ারি প্রতিবেদন জমার দিন নির্ধারণ করেছিল। কিন্তু নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। ওই অর্থের বড় একটি অংশ ফিলিপাইনে পাঠানো হয়।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে ন্যস্ত করে।
প্রায় নয় বছর পার হয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক অপরাধ মামলাটির বিচারিক অগ্রগতি নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।
















