১০ জানুয়ারি ২০২৬: মোহাম্মদ সালাহর গোলে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ ব্যবধানে হারিয়ে মিসর জায়গা করে নিয়েছে আফ্রিকা কাপ অব নেশনস ২০২৫-এর সেমিফাইনালে।
শনিবার কোয়ার্টারফাইনালের উত্তেজনাপূর্ণ ম্যাচে লিভারপুল ফরোয়ার্ড সালাহ টুর্নামেন্টে নিজের চতুর্থ গোলটি করেন ম্যাচের ৫২তম মিনিটে। সেটিই ছিল মিসরের তৃতীয় গোল, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। ম্যাচে দুইবার দুই গোল পিছিয়ে পড়েও আইভরি কোস্ট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল।
আগাদিরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই চাপে পড়ে আইভরি কোস্ট। চতুর্থ মিনিটে মিডফিল্ডে বল হারান ফ্রাঙ্ক কেসি এবং ওদিলোঁ কসুনু বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ পেয়ে গোল করেন ওমর মারমুশ। ৩২তম মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন রামি রাবিয়া।
বিরতির পাঁচ মিনিট আগে ইয়ান দিয়োমান্দের ফ্রি কিক থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান আইভরি কোস্ট। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার দুই গোলের লিড ফেরান সালাহ। দীর্ঘ পাস থেকে এমাম আশুরের সহায়তায় ডান পায়ের বাইরের অংশ দিয়ে নিখুঁত ফিনিশিং করেন তিনি।
৭৩তম মিনিটে গোলমুখে জটলার মধ্যে গেয়েলা দুয়ের হিল শটে আবার এক গোল শোধ করে আইভরি কোস্ট। তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি তারা।
এই জয়ে বুধবার তানজিয়ারে সেমিফাইনালে সেনেগাল-এর মুখোমুখি হবে মিসর। রেকর্ড অষ্টম শিরোপার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ফারাওরা।
এর আগে আরেক কোয়ার্টারফাইনালে নাইজেরিয়া ২-০ গোলে হারিয়েছে আলজেরিয়াকে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো। ২০১৩ সালের পর প্রথমবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে নাইজেরিয়া।
















