সিডনি, ১১ জানুয়ারি: ভয়াবহ তাপপ্রবাহ ও প্রবল বাতাসের মধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে দাবানল পরিস্থিতি আরও গুরুতর রূপ নিচ্ছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, বিশেষ করে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের বাসিন্দাদের ঘরবাড়ি হারানোর পাশাপাশি আরও বড় ক্ষতির জন্য প্রস্তুত থাকতে হবে।
পূর্বাভাস অনুযায়ী শুক্রবার ও শনিবার দেশের বেশির ভাগ রাজ্য ও অঞ্চলে তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে। ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় প্রবল গরমের সঙ্গে শক্তিশালী বাতাস মিলিয়ে দাবানলের ঝুঁকি চরম পর্যায়ে পৌঁছেছে। ভিক্টোরিয়াজুড়ে সম্পূর্ণ আগুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং রাজ্যের সব অঞ্চলে ‘চরম’ অথবা ‘বিপর্যয়কর’ আগুন ঝুঁকি সতর্কতা দেওয়া হয়েছে।
ভিক্টোরিয়া কান্ট্রি ফায়ার অথরিটির প্রধান কর্মকর্তা জেসন হেফারনান শুক্রবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বাসিন্দাদের সম্পদের বড় ক্ষতি বা তার চেয়েও খারাপ পরিণতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তাঁর ভাষায়, আগের দিন পরিস্থিতি ছিল চরম, আর আজ তা বিপর্যয়কর পর্যায়ে পৌঁছেছে।
শুক্রবার মেলবোর্ন শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে, যদিও দক্ষিণ-পশ্চিমে তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ভিক্টোরিয়ার লংউড এলাকার কাছে একটি দাবানলে প্রায় ৩৬ হাজার হেক্টর জমি পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছোট শহর রাফিতে অন্তত ২০টি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জর্জ নয় বলেন, শহরটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষায়, মূল সড়কটি দেখে মনে হচ্ছে যেন সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে। একটি স্কুল ধ্বংস হয়ে গেছে এবং অনেক পরিবার তাদের ঘরবাড়ি, জীবিকা, গবাদিপশু ও অবকাঠামো সব হারিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ভিক্টোরিয়া রাজ্যের নিয়ন্ত্রণ কেন্দ্র জানায়, লংউডের দাবানল অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল এবং আগুন একাধিক দিকে ছড়িয়ে পড়ছে। প্রাথমিক হিসাবের চেয়েও এটি আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ভিক্টোরিয়া পুলিশের উপকমিশনার বব হিল জানিয়েছেন, লংউড এলাকায় দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশুসহ তিনজনের এখনো খোঁজ পাওয়া যায়নি। আগুন ছড়ানোর আগে তাদের আশ্রয় নিতে বলা হয়েছিল, কারণ তখন সরিয়ে নেওয়ার সময় ছিল না। পরে উদ্ধারকর্মীরা ফিরে গিয়ে ওই বাড়িটি পুড়ে যেতে দেখেন, তবে ওই তিনজনকে পাওয়া যায়নি। তিনি বলেন, তারা নিরাপদও থাকতে পারেন, তাই সব সম্ভাবনা খোলা রাখা হয়েছে।
ভিক্টোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ওয়ালওয়া এলাকার কাছেও আরেকটি দাবানলে ১৭ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। হেফারনান বলেন, শুধু সক্রিয় দাবানলের আশপাশের মানুষ নয়, পুরো রাজ্যের বাসিন্দাদেরই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তাঁর মতে, দিনের সঙ্গে সঙ্গে আরও নতুন আগুনের সূত্রপাত হতে পারে।
অন্যদিকে রাজধানী ক্যানবেরা অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো সম্পূর্ণ আগুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিডনিতে শনিবার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা রবিবার কমে প্রায় ২৬ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ অস্ট্রেলিয়ায় রাতভর একাধিক ছোট দাবানলের সঙ্গে লড়াই করেছে দমকল বাহিনী। সেখানে কিছু এলাকায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, চলমান তাপপ্রবাহ ও দাবানল পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এখন সবচেয়ে জরুরি।
















