মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সংখ্যা বাড়ছে
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত তিন দিনে নির্বাচন কমিশনে (ইসি) মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে গত তিন দিনে মোট ২৯৫ জন প্রার্থী আপিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি জানায়, বুধবার একদিনেই ১৩১টি আপিল আবেদন জমা পড়েছে। এর আগে দ্বিতীয় দিনে ১২২টি এবং প্রথম দিনে ৪২টি আবেদন গ্রহণ করা হয়।
ইসি সূত্রে জানা গেছে, এবারে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন, যার একটি বড় অংশের বিরুদ্ধেই আপিল করা হয়েছে।
তফসিল অনুযায়ী, আপিল আবেদন গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
নির্বাচনী সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করতে প্রস্তুতি চলছে।
















