চেলসির নতুন ম্যানেজার জাবি আলোনসো বলেছেন, রিয়াল মাদ্রিদে প্রত্যাশা পূরণ না করতে পারার অভিজ্ঞতা এখন অতীত। সেই হতাশা থেকে শিক্ষা নিয়ে তিনি প্রিমিয়ার লিগে নতুন চ্যালেঞ্জ উপভোগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন।
অস্ট্রেলিয়ায় প্রাক-মৌসুম সফরে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আলোনসো বলেন, কোচিংয়ে আসার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। যুব পর্যায় থেকে ধাপে ধাপে কাজ শুরু করে অভিজ্ঞতা অর্জনের পরই তিনি শীর্ষ পর্যায়ে আসেন।
বায়ার লেভারকুসেনকে ইতিহাসের প্রথম বুন্দেসলিগা শিরোপা জেতানোর পর গত বছর রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন আলোনসো। তবে খেলোয়াড়দের সঙ্গে মতবিরোধের খবরের মধ্যেই আট মাসের মাথায় পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়েন তিনি।
আলোনসো বলেন, রিয়াল অধ্যায় তাকে মূল্যবান শিক্ষা দিয়েছে। নিজের ভুলগুলো বিশ্লেষণ করে নতুন উদ্যমে চেলসিতে কাজ শুরু করেছেন এবং অতীতের হতাশা এখন আর তাকে প্রভাবিত করে না।
চেলসির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, তরুণ প্রতিভার সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়াই তার লক্ষ্য। এ কারণেই ড্যানি ওয়েলবেক এবং জর্ডান হেন্ডারসনের মতো অভিজ্ঞ ফুটবলারদের দলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোনসোর মতে, শুধুমাত্র প্রতিভা নয়, সফল হতে হলে ড্রেসিংরুমে নেতৃত্ব, শৃঙ্খলা এবং শক্তিশালী দলীয় সংস্কৃতি গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করেন, চেলসির বর্তমান স্কোয়াডে উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সময়ের সঙ্গে দলটি আরও শক্তিশালী হয়ে উঠবে।















