চলতি অক্টোবর মাসের প্রথম ২২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে হিসাব করা হয়েছে)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, গত বছরের একই সময়ে (অক্টোবরের প্রথম ২১ দিনে) রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর প্রবাসী আয় বেড়েছে ৭ দশমিক ৩০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত (১ জুলাই থেকে ২২ অক্টোবর) দেশে এসেছে ৯৫০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৮৩৩ কোটি ৪০ লাখ ডলার। ফলে গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।

বিশ্লেষকদের মতে, সরকারের প্রণোদনা, হুন্ডি দমন উদ্যোগ এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর সহজীকরণের ফলে প্রবাসী আয়ে ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করেন, এ প্রবণতা অব্যাহত থাকলে অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও স্থিতিশীল হবে।
















