অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়কের মধ্যে প্রচলিত হাত মেলানোর দৃশ্য দেখা যায়নি। তবে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচের টসে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতের অধিনায়ক আয়ুষ মত্রে একে অপরের সঙ্গে হাত মেলাননি। টসে জয় পায় বাংলাদেশ।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে দুই দলই হাত মিলিয়েছে। বৃষ্টি ও ডিএলএস পদ্ধতিতে নির্ধারিত ফলে ভারত ১৮ রানে ম্যাচ জিতে নেয়।
এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, টসের সময় হাত না মেলানো ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং তা মুহূর্তের অসাবধানতার ফল। এতে প্রতিপক্ষের প্রতি অসম্মান দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না।
বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়, ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান বজায় রাখা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মৌলিক শর্ত। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে এবং দল ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। খেলোয়াড়দেরও সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত বছর এশিয়া কাপে সামরিক উত্তেজনার পর ভারতের খেলোয়াড়রা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
এদিকে এই ঘটনার মধ্যেই বাংলাদেশ ঘোষণা দিয়েছে, তারা ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর ছেড়ে দেওয়ায় ঢাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
ডিসেম্বরে নিলামে এক মিলিয়নের বেশি ডলারে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা। পরে তাকে বাদ দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়। এরপর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। ভিডিও কনফারেন্সে বিসিবি আবারও ভারতের বাইরে ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনার আহ্বান জানায়।
ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কও সাম্প্রতিক সময়ে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালে ঢাকায় গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তোলে। অন্যদিকে অন্তর্বর্তী নেতা মুহাম্মদ ইউনূস এসব অভিযোগকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেন।
















