স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দ্রুত পদক্ষেপের আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংহতি প্রকাশ করেছে। পাশাপাশি, সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে দ্রুত অধ্যাদেশ জারির দাবি জানিয়েছে সংগঠনটি।
শিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে খসড়া অধ্যাদেশ প্রস্তুত এবং অংশীজনদের মতামত গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলেও অজ্ঞাত কারণে তা এখনও বাস্তবায়িত হয়নি। এ কারণে সাত কলেজের লাখো শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রশাসনিক স্থবিরতা শিক্ষার্থীদের ভবিষ্যতকে বাধাগ্রস্ত করছে এবং তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি করছে। তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা করে সময় নষ্ট করা অগ্রহণযোগ্য। তারা সরকারের কাছে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে ছাত্রশিবির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি স্বতন্ত্র ও শক্তিশালী প্রশাসনিক কাঠামো গঠনের প্রয়োজনীয়তা জোর দিয়ে উল্লেখ করেছে। শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায় করতে রাজপথে নামলেও সাধারণ মানুষের নিরাপত্তা এবং জনভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখে সংযমী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার দ্রুত সাত কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে।
















