নিয়মিত খাওয়ার অভ্যাসে লুকিয়ে আছে একাধিক স্বাস্থ্যঝুঁকি
সময় বাঁচানোর সহজ সমাধান হিসেবে জনপ্রিয় ইনস্ট্যান্ট নুডল্স নিয়মিত খেলে শরীরে তৈরি হতে পারে নীরব কিন্তু গুরুতর স্বাস্থ্যঝুঁকি—সতর্ক করছেন চিকিৎসকরা।
ব্যস্ত জীবনে দ্রুত খাবারের সমাধান হিসেবে অনেকেই ভরসা করছেন ইনস্ট্যান্ট নুডল্সের ওপর। গরম পানি ঢেলে মাত্র তিন–চার মিনিটেই তৈরি হয়ে যায় এই খাবার, যা শিক্ষার্থী, কর্মজীবী ও এককভাবে বসবাসকারীদের কাছে বেশ জনপ্রিয়। তবে সহজে তৈরি হলেও নিয়মিত খাওয়ার অভ্যাস শরীরের জন্য কতটা নিরাপদ—সেই প্রশ্নই উঠছে এখন।
বাজারে বৈচিত্র্য বাড়লেও ঝুঁকি কমেনি
আগে যেখানে কেবল ময়দা দিয়ে তৈরি নুডল্সই পাওয়া যেত, এখন সেখানে আটা, শুকনো সবজি বা ‘হেলথি’ লেবেল দেওয়া নানা ধরনের প্যাকেট দেখা যাচ্ছে। তবে পুষ্টিবিদদের মতে, এই বৈচিত্র্য সত্ত্বেও ইনস্ট্যান্ট নুডল্স মূলত একটি অতিপ্রক্রিয়াজাত খাবার। এতে থাকে অতিরিক্ত লবণ, কৃত্রিম ফ্লেভার, সংরক্ষণকারী উপাদান ও রঙিন মশলা, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
লবণ ও সোডিয়ামের নীরব বিপদ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক লবণ গ্রহণের নিরাপদ সীমা সর্বোচ্চ ২,০০০ মিলিগ্রাম। অথচ একটি ইনস্ট্যান্ট নুডল্সের প্যাকেটেই থাকতে পারে প্রায় ৬০০ থেকে ১,৫০০ মিলিগ্রাম সোডিয়াম। নিয়মিত গ্রহণ করলে এটি উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও কিডনির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
হজমের সমস্যা ও পুষ্টিহীনতা
ইনস্ট্যান্ট নুডল্সে ফাইবার ও মানসম্মত প্রোটিনের পরিমাণ খুবই কম। ফলে নিয়মিত খেলে দেখা দিতে পারে হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য। দীর্ঘদিন এই খাবারের ওপর নির্ভরশীল থাকলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি তৈরি হয়, যা ধীরে ধীরে পুষ্টিহীনতার দিকে ঠেলে দেয়।
দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি
চিকিৎসকদের মতে, অতিরিক্ত ও দীর্ঘদিন ইনস্ট্যান্ট নুডল্স খেলে শরীরে কিছু ক্ষতিকর রাসায়নিক উপাদান জমতে পারে। এসব উপাদান কোষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কী করবেন?
বিশেষজ্ঞরা বলছেন, ইনস্ট্যান্ট নুডল্স পুরোপুরি বাদ দেওয়া সম্ভব না হলেও এটি যেন নিয়মিত খাবার না হয়। প্রয়োজনে ঘরে তৈরি খাবার, শাকসবজি, ডাল, ডিম বা প্রোটিনসমৃদ্ধ খাবারকে অগ্রাধিকার দেওয়াই স্বাস্থ্যকর সিদ্ধান্ত।
















