পৈরতলা এলাকায় ফ্লাইওভারের পিলারে বাসের ধাক্কা দুইজনের অবস্থা আশঙ্কাজনক
ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় ফায়ারিং ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন আনসার সদস্যরা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ফ্লাইওভারের পিলারে ধাক্কা দিলে ১১ জন আহত হন যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে আনসার সদস্যদের বহনকারী একটি যাত্রীবাহী বাস। আজ রবিবার সকালে জেলা শহরের পৈরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত ১১ জন আনসার সদস্য আহত হয়েছেন।
আহত আনসার সদস্যদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন রিদয় মাসুদ নাঈম আবু কালাম আমির খান ইরফান মানিক মামুন ফয়সাল কামরান ও সোহাগ।
প্রত্যক্ষদর্শী ও আনসার কার্যালয় সূত্রে জানা গেছে জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ে একটি ফায়ারিং ক্যাম্প শেষে আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহনের একটি বাসে করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিলেন। পথে পৈরতলা এলাকায় নির্মাণাধীন ফোর লেন মহাসড়কের একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে বাসটি সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানিয়েছেন আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে দুইজনের অবস্থা বেশ গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে।
















