ঢাকা মহানগরীর তীব্র যানজট কমাতে এবং রাস্তাঘাট বারবার খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্ট জনদুভোগ লাঘবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের মেগা প্রকল্পের কারণে সৃষ্ট যানজট নিরসন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, সব উন্নয়নমূলক কাজ এখন থেকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় সম্পন্ন করা হবে। এই তদারকি কার্যক্রম আরও কার্যকর করতে এখন থেকে প্রতি ১৫ দিন পরপর আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে আধুনিক প্রযুক্তির সাহায্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে পূর্ণাঙ্গ ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা করছে সরকার। এছাড়া শহরের অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই পদক্ষেপ বাস্তবায়নের সময় সাধারণ মানুষের কর্মসংস্থানের বিষয়টিও মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।
নির্বাচন কমিশন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন যে, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে প্রচলিত আইন ও স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু দুষ্কৃতকারী গোপনে ঝটিকা মিছিলের অপচেষ্টা চালালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনেছে।
Reporter Name 













