দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন (ইসি) সাতটি ধাপে ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, দেশে বর্তমানে মোট চার হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে, যার মধ্যে চার হাজার ২৭২টি ইউনিয়ন নির্বাচনের আওতাভুক্ত। ইতিমধ্যে অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে বা নির্বাচনের সময় পার হয়ে গেছে। পরীক্ষাসমূহ (বার্ষিক ও বোর্ড পরীক্ষা), পবিত্র ঈদ এবং দুর্গাপূজাসহ নানা সার্বজনীন বিষয় বিবেচনা করে সাতটি ধাপে এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
খসড়া সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর (৮০টি উপজেলার সব ইউপিতে)। এরপর দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি এবং পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, প্রথম পাঁচটি ধাপে দেশের সিংহভাগ ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে। পরবর্তীতে ষষ্ঠ ও সপ্তম ধাপে আইনি জটিলতা বা অন্য কারণে স্থগিত থাকা ইউনিয়নগুলোর ভোটগ্রহণ হবে।
তিনি আরও জানান, উপনির্বাচন চলমান থাকায় ঠাকুরগাঁও জেলা বাদ রেখে প্রথম ধাপে দেশের বাকি ৬৩টি জেলার সব সদর উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে একযোগে নির্বাচন শুরু হবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের বিষয়ে এই নির্বাচন কমিশনার জানান, আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনায় বসবে কমিশন। আইন সংশোধন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন পরিবর্তন বা সংশোধন না হলে বিদ্যমান আইনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকের সভায় নেওয়া এসব সিদ্ধান্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, যা আগামী ১৭ সেপ্টেম্বরের পরবর্তী বৈঠকে চূড়ান্ত করা হবে।
এর আগে গত সাত সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধাপে ধাপে উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন ইসি সচিব আরও জানান, স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচনে প্রচারে আর কোনো কাগজের পোস্টারের ব্যবহার থাকছে না।
Reporter Name 











