গাজীপুরের টঙ্গী থেকে র্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী আটক, আগে গ্রেপ্তার ২
রাজধানীর উত্তরা এলাকায় জুলাই রেভেলসের এক সদস্যকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী ‘ঠোঁটকাটা আলতাফ’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে একই মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
জুলাই রেভেলসের এক সদস্যকে হত্যাচেষ্টার মামলায় শীর্ষ সন্ত্রাসী আলতাফ ওরফে ঠোঁটকাটা আলতাফ (৪৬)–কে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আলতাফ এই মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এর আগে একই ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পৃথক অভিযানে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন— মো. মাসুম ও মো. ফাহিম খান।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় ‘জুলাই রেভেলস’ সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর পরিকল্পিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলায় তিনি আহত হন।
আহত অবস্থায় রেজওয়ানকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার পরপরই হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এর ধারাবাহিকতায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত মাসুম ও ফাহিমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ও পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনে সংগঠিত সন্ত্রাসী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার উদ্দেশ্য ও পেছনের নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।
















