ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি আকাশপথে একটি মার্কিন সামরিক জ্বালানি বহনকারী বিমানের সঙ্গে প্রায় সংঘর্ষের মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রের বেসরকারি বিমানসংস্থা জেটব্লুর একটি যাত্রীবাহী উড়োজাহাজ। শেষ মুহূর্তে উচ্চতা বাড়ানো বন্ধ করে দুর্ঘটনা এড়াতে সক্ষম হয় ফ্লাইটটি।
ঘটনাটি ঘটে শুক্রবার। জেটব্লু ফ্লাইট ১১১২ ক্যারিবীয় দ্বীপ কুরাকাও থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করছিল। ফ্লাইটের পাইলটের ভাষ্য অনুযায়ী, উড্ডয়নের পরপরই তাদের নির্ধারিত পথ অতিক্রম করে একই উচ্চতায় একটি মার্কিন বিমানবাহিনীর আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার চলে আসে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথোপকথনের রেকর্ডে পাইলটকে বলতে শোনা যায়, আকাশে তারা প্রায় মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতিতে পড়েছিলেন। তার দাবি, সামরিক বিমানটি সরাসরি তাদের উড়ালপথ অতিক্রম করে যায় এবং সেটির ট্রান্সপন্ডার চালু ছিল না। বাধ্য হয়ে তারা দ্রুত উড্ডয়ন বন্ধ করেন।
পাইলট আরও জানান, ঘটনাটির পর ওই সামরিক বিমানটি ভেনেজুয়েলার আকাশসীমার দিকে চলে যায়। এ সময় দুই বিমানের দূরত্ব মাত্র কয়েক মাইলের মধ্যে নেমে এসেছিল বলে জানান তিনি।
জেটব্লুর মুখপাত্র ডেরেক ডমব্রোস্কি জানান, বিষয়টি সংশ্লিষ্ট ফেডারেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যেকোনো তদন্তে তারা সহযোগিতা করবেন। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের ক্রু সদস্যরা প্রশিক্ষিত এবং দ্রুত রিপোর্ট করায় তারা কৃতজ্ঞ।
পেন্টাগন এ বিষয়ে মন্তব্যের জন্য বিষয়টি মার্কিন বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিমানবাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভেনেজুয়েলার আকাশসীমায় উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে সতর্কতা জারি করে। সেখানে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে ওই অঞ্চলে বিশেষ সতর্কতা প্রয়োজন।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ডে সংশ্লিষ্ট নিয়ন্ত্রককেও অজ্ঞাতপরিচয় উড়োজাহাজের উপস্থিতিকে ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করতে শোনা গেছে।
















