গুলিবিদ্ধ হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির সর্বশেষ সিটি স্ক্যানে গুরুতর ব্রেন ড্যামেজ ধরা পড়েছে, একই সঙ্গে ভারত থেকে হুমকির অভিযোগ তুলেছেন চিকিৎসকরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় তার চিকিৎসকদের বিরুদ্ধে ভারত থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৪ ডিসেম্বর) হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চিকিৎসকরা জানান, চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত একাধিক চিকিৎসক নিয়মিতভাবে বিদেশি নম্বর থেকে হুমকির ফোন পাচ্ছেন। তাদের ব্যক্তিগত ফোন নম্বর বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্ম ও অনলাইন গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
চিকিৎসকরা বলেন, “আমাদের জীবন এখন হুমকির মুখে। ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। শুধু নম্বর ছড়ানোই নয়, আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করার চেষ্টা চলছে।”
এদিকে, হাদির শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরে চিকিৎসকরা জানান, রোববার সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের আগেই তার রিপিট সিটি স্ক্যান করা হয়। সর্বশেষ সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা বা পানি জমার প্রমাণ পাওয়া গেছে এবং অক্সিজেনের ঘাটতির লক্ষণ স্পষ্ট, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাশাপাশি মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার আলামতও দেখা গেছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ পরীক্ষার ফলাফলে হাদির মস্তিষ্কের অবস্থা অত্যন্ত গুরুতর এবং আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে।
হাদিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার বিষয়ে পরিকল্পনা থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে, তবে রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না—সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন বলে উল্লেখ করা হয়।
















