বিশ্বরেকর্ডের লক্ষ্য নিয়ে ১৬ ডিসেম্বর আকাশে নামবে ৫৪ প্যারাট্রুপার
মহান বিজয় দিবসে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ আয়োজনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের মাধ্যমে গিনেস রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর আকাশে এক ব্যতিক্রমধর্মী ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে নিয়ে আকাশ থেকে ঝাঁপ দেবেন। আয়োজকরা আশা করছেন, এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের নজির স্থাপন করবে এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেবে।
এই ৫৪ জন প্যারাট্রুপারের একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। জানা গেছে, তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি আঁকা একটি হেলমেট পরে এই প্যারাস্যুট জাম্পে অংশ নেবেন।
রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই দলে থাকা আশিক চৌধুরী ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন।
পোস্টে আরও উল্লেখ করা হয়, বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
















