লিবিয়া থেকে নৌপথে ইউরোপ যাত্রায় ভয়াবহ মানবিক বিপর্যয়; হাসপাতালে চিকিৎসাধীন বহুজন
দূতাবাসের সতর্কবার্তা—অবৈধ সমুদ্রপথ প্রাণঘাতী, দালালচক্র এড়িয়ে চলার আহ্বান
গ্রিসে অবৈধভাবে নৌপথে অনুপ্রবেশের চেষ্টায় ভয়াবহ ট্র্যাজেডির মুখে পড়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। তীব্র শীত, ক্ষুধা ও পানির সংকটে পানি ভেবে পেট্রল পান করায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার শাকিব আহমেদ শুভ এবং একই জেলার সায়েম আহমেদ। দূতাবাস সূত্র জানায়, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে একটি ছোট প্লাস্টিকের নৌকায় তারা গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা না থাকায় দু’দিন অনাহারে থাকার পর বোতলে থাকা পেট্রলকে পানি ভেবে পান করেন কয়েকজন। এতে অনেকেই অচেতন হয়ে পড়েন।
পরবর্তীতে গ্রিস কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এথেন্সের এক্সার্খিয়া এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের অবস্থা পরিদর্শনে যান বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রল পান করায় অনেকের পাকস্থলী ও শ্বাসযন্ত্রে গুরুতর ক্ষতি, পাশাপাশি পানিশূন্যতা ও হাইপোথার্মিয়া দেখা দিয়েছে। একজনের কিডনিতে গুরুতর প্রভাব পড়ায় ডায়ালাইসিস চলছে। চারজনের অবস্থা উদ্বেগজনক ছিল, বাকিদের অবস্থা স্থিতিশীল হওয়ায় দুই দিনের মধ্যে ছাড়পত্র দেওয়ার কথা জানানো হয়। চিকিৎসা শেষে তাদের মালাকাসা ক্যাম্পে পাঠানো হবে।
আটক ব্যক্তিরা জানান, দালালচক্রের মাধ্যমে তারা নৌপথে গ্রিসে যাওয়ার চেষ্টা করেন; কিন্তু পথে খাবার-পানির ব্যবস্থা ছিল না। অমানবিক পরিবেশেই তাদের জীবন ঝুঁকির মুখে পড়ে।
বাংলাদেশ দূতাবাস সতর্ক করে জানিয়েছে, অবৈধ পথে অনুপ্রবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী। নিহত দুই যুবকের মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। ঘটনাটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে; মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস, গ্রিক পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
















