২০২৫–২৬ মেয়াদে সভাপতি আসাদুল্লাহ আল গালীব, সাধারণ সম্পাদক আদিবা আহমেদ
মালয়েশিয়ার ৪৪টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বে গঠিত হয়েছে বিএসওএম-এর নতুন কেন্দ্রীয় কমিটি, লক্ষ্য নেতৃত্ব বিকাশ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সহায়তা।
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর ২০২৫–২৬ মেয়াদের ১৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়ার ৪৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে এই কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি (মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়) এবং সাধারণ সম্পাদক আদিবা আহমেদ (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া) শুক্রবার রাতে বিএসওএম-এর অফিসিয়াল ফেসবুক পেজে এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেন।
পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের প্রায় ৫০টির মতো বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থী প্রতিনিধিত্ব ও দক্ষতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন আসিফ রহমান, তোফাজ্জল হোসাইন ও ফাওয়াজ রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান, আশিকুর রহমান, খোকন আহমেদ ও আজোয়াদ করিম। সাংগঠনিক সম্পাদক তাসবীর হোসাইন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফাহাদ ইসলাম।
এছাড়া ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে সালমা আকতার, শিক্ষা বিষয়ক সম্পাদক ইলা আকতার ও যুগ্ম শিক্ষা সম্পাদক আবিদা সুলতানা দায়িত্ব পেয়েছেন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইয়েরাহ জামান, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি সাওন আহমেদ, ক্রীড়া সম্পাদক জামানুল ইসলাম এবং যুগ্ম ক্রীড়া সম্পাদক সাকিব মিয়া ও সাব্বির রহমান।
সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবরিনা সুচনা এবং যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক ফারিয়া ইসলাম। আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক আল নাহিদ ও জারিন তাসনীম, ইভেন্ট অ্যান্ড পিআর সম্পাদক সুমাইয়া আকতার ও আদিবা চৌধুরী এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে শরীয়তুল্লাহকে মনোনীত করা হয়েছে।
কমিটি গঠনের বিষয়ে বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি বলেন, “পূর্ণাঙ্গ কমিটির প্রতিটি সদস্য সংগঠনের শক্তি। এখানে যুক্ত থেকে শিক্ষার্থীরা নেতৃত্ব, সংগঠন পরিচালনা, ভলান্টিয়ারিং ও নেটওয়ার্কিংয়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সাধারণ সম্পাদক আদিবা আহমেদ বলেন, “মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি সহযোগিতাপূর্ণ, নিরাপদ ও ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। প্রবাসে থেকেও শিক্ষার্থীরা যেন নিজেদের সংস্কৃতি ও দেশপ্রেম ধারণ করে এগিয়ে যেতে পারে—সে লক্ষ্যেই আমরা কাজ করব।”
উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া বর্তমানে মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। শিক্ষা সহায়তা, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের পাশে কাজ করে আসছে।
















