সিইসির সঙ্গে বৈঠকে অভিযোগ – প্রশাসনিক বৈষম্য ও নিরাপত্তা ঝুঁকি থাকলে নির্বাচন সমতাপূর্ণ হবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘিরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের তাগিদ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রশাসনিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থায় বৈষম্যের অভিযোগ তুলে সুনির্দিষ্ট পদক্ষেপের আহ্বান জানিয়েছে দলটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যেই সোমবার (৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিকে লেভেল প্লেয়িং ফিল্ড বলা যায় না এবং নির্বাচন কমিশন এখনো সমতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারেনি।
তিনি জানান, প্রশাসনিক ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য ও পক্ষপাতের নির্দিষ্ট উদাহরণ ইসির সামনে তুলে ধরা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এসব বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “অবৈধ অস্ত্রধারীরা নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে— এদের গ্রেফতারে ইসির পরিকল্পনা কী, তা জানতে চেয়েছি। এছাড়া প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন আরও সহজ করতে কমিশনকে আমরা অনুরোধ করেছি।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছে এবং জানিয়েছে যে চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। রমজানের আগেই ভোট অনুষ্ঠিত হবে বলেও ইসি প্রতিনিধিরা বৈঠকে উল্লেখ করেন।
সোমবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকের আগে সকাল সাড়ে ১০টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। এরপরই জামায়াতের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসে।
















