হাইকোর্টের মন্তব্য— দেশে এখন নির্বাচনের প্রস্তুতি চলমান, এসময় রিট গ্রহণযোগ্য নয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে বাংলাদেশ কংগ্রেসের করা রিট আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। আদালত জানান, নির্বাচনমুখী জাতির এই সময় এমন রিট গ্রহণযোগ্য নয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবিতে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন বেঞ্চ রিট আবেদনটি “উত্থাপিত হয়নি” মর্মে খারিজ করেন। আদালত বলেন, দেশের মানুষ এখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, এই মুহূর্তে নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করা উপযোগী নয়।
গত ৩ ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম নির্বাচনী কার্যক্রম স্থগিতের আবেদন করেন। শুনানিতে আদালত রিটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং রিটকারীকে বলেন, এই সময় এমন আবেদন গ্রহণযোগ্য নয়। পরে আইনজীবী আদালতের মন্তব্য বিবেচনায় রিটটি আর না চালানোর সিদ্ধান্ত নেন।
রিট আবেদনে দাবি করা হয়েছিল, নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল না থাকায় নির্বাহী বিভাগের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচন কমিশনের অধীনে “ইলেক্টোরাল সার্ভিস কমিশন” গঠনের নির্দেশনা এবং সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ কমিশনের মাধ্যমে করার দাবি জানানো হয়।
আদালত এসব দাবি বিবেচনায় না নিয়ে আবেদনটি খারিজ করেন। ফলে নির্ধারিত কার্যক্রম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও প্রক্রিয়া চলমান থাকবে।
















