লন্ডনযাত্রার প্রস্তুতির মধ্যে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে ছুটে গেলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার লন্ডন যাত্রা ঘিরে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। দুপুরেই লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে এয়ার অ্যাম্বুলেন্স।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রাকে সামনে রেখে তার পুত্রবধু ডা. জুবাইদা রহমান শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন। লন্ডন থেকে তাকে বহনকারী বিমান সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে তিনি সরাসরি চলে যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, যেখানে খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন।
এর আগে বৃহস্পতিবার বিকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হন ডা. জুবাইদা। তার আগমনের খবর পেয়ে রাত থেকেই অপেক্ষা করছিলেন বিএনপি নেতাকর্মীরা।
দলের শীর্ষ সূত্র বলছে, শুক্রবার দুপুরেই খালেদা জিয়াকে নিয়ে কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারে। তার সঙ্গে পরিবার ও চিকিৎসক দলের গুরুত্বপূর্ণ সদস্যরা থাকবেন, যার মধ্যে রয়েছেন ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
চিকিৎসক দলের অংশ হিসেবে লন্ডনযাত্রায় থাকবেন উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ একাধিক বিশেষজ্ঞ। নিরাপত্তার দায়িত্বে থাকবেন এসএসএফ কর্মকর্তারা।
২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। অবস্থার অবনতি হওয়ায় তাকে বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং লন্ডন ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ডও গঠন করা হয়। এদিকে প্রতিদিনই হাসপাতালের বাইরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে; সবাই অপেক্ষায় তার চিকিৎসার অগ্রগতি ও লন্ডনযাত্রার সিদ্ধান্ত বাস্তবায়নের।
















