খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করায় ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্বেগ প্রকাশ ও চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার ঘোষণায় কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি প্রধান উপদেষ্টার মানবিক অবস্থানকে স্বাগত জানান।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক জটিলতা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস যে উদ্বেগ প্রকাশ করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান।
এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে—সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, চেয়াপারসনের স্বাস্থ্যের অগ্রগতি তিনি নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন হলে অতিরিক্ত চিকিৎসা সহায়তাও নিশ্চিত করা হবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেন তিনি।
নিজের বার্তায় তারেক রহমান জানান, মানবিকতার জায়গা থেকে প্রধান উপদেষ্টার এই উদ্বেগ ও দোয়া তাদের পরিবারকে অনুপ্রাণিত করেছে। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময় খালেদা জিয়ার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—ড. ইউনূসের এই বক্তব্য একটি ইতিবাচক বার্তা বহন করে।
বিএনপি নেতারা বলছেন, চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা এখনো উদ্বেগজনক হলেও দেশি–বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সব চিকিৎসা চলছে। প্রধান উপদেষ্টার প্রকাশ্য মনোভাব পুরো প্রক্রিয়ায় গুরুত্ব বহন করছে বলে মনে করছেন তারা।
















