বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হলো এক ঐতিহাসিক অধ্যায়। দীর্ঘদিনের দাবি পূরণ করে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আজ উদ্বোধন করলো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন করেন নির্বাচন ভবনের অডিটোরিয়ামে।
এই অ্যাপের মাধ্যমে প্রথমবারের মতো পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি ডাকযোগে ভোট দিতে পারবেন। উদ্বোধনের অংশ হিসেবে মিশর, জাপান ও কেনিয়ায় থাকা কয়েকজন প্রবাসী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেন।
ইসি জানিয়েছে—ধাপে ধাপে ২৩ নভেম্বর থেকে শুরু হবে নিবন্ধন।
পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ভোটাররা প্রথম ধাপে নিবন্ধন করবেন। এরপর উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ভোটাররা নির্ধারিত সময়সীমা অনুযায়ী অ্যাপে যুক্ত হবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, শুরুতে ২০ লাখ ব্যালট পেপার ছাপা হবে এবং ভোটারদের ঠিকানায় পাঠানো হবে ব্যালট ও ফিরতি খাম। ব্যালটে থাকবে শুধুই প্রার্থীর প্রতীক—নাম নয়।
১৪৩টি দেশের প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন—যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বড় বিদেশভিত্তিক ভোটগ্রহণ উদ্যোগ।
















