মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দিল্লির উদ্দেশে ঢাকার স্পষ্ট বার্তা – প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক আসামিদের অবিলম্বে ফেরত পাঠাতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাদের হস্তান্তর ভারতের বাধ্যবাধকতা।
ঢাকা মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর তাদের প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে জরুরি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে আশ্রয় দেওয়া ন্যায়বিচারের প্রতি চরম অবজ্ঞা এবং “অবন্ধুসুলভ আচরণ” হিসেবে বিবেচিত হবে।
বিবৃতিতে বলা হয়, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারতকে শেখ হাসিনা ও কামালকে “অনতিবিলম্বে” বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের আওতাভুক্ত, এবং এ ধরনের অপরাধের আসামিকে আশ্রয় দেওয়ার সুযোগ নেই।
এরআগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকা একাধিকবার দিল্লিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করলেও ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পূর্বের অনুরোধে ইতিবাচক সাড়া না মিললেও বাংলাদেশ নতুন করে চিঠি পাঠাবে।
রায়ের পর ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।
















