ইয়েমেনের হুথি আন্দোলন লোহিত সাগর দিয়ে চলাচলকারী দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি জাহাজের ওপর ঘোষিত নৌ অবরোধ অমান্য করায় ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি ট্যাংকারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ‘এনসেলিয়া’ ট্যাংকারটি হামলার শিকার হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন। যুক্তরাজ্যের ইউকেএমটিওও একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে হামলা ও অগ্নিকাণ্ডের খবর পাওয়ার কথা জানিয়েছে। তবে ‘লায়লা’ ট্যাংকারে হামলার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হুথিরা সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। তাদের দাবি, ইয়েমেনের বন্দর ও বিমানবন্দরে দীর্ঘদিন ধরে আরোপিত অবরোধের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে সৌদি আরব ইয়েমেনের জনগণের ওপর অবরোধ আরোপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালিতে চলমান সংকটের মধ্যে সৌদি আরব লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি ব্যবহার করে তেল পরিবহনের বিকল্প পথ সক্রিয় করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, যদি বাব আল-মান্দেবেও জাহাজ চলাচল ব্যাহত হয়, তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।
















