কাতারের প্রয়াত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিকে স্মরণ করে তার কন্যা শেখা আল মায়াসা বিনতে হামাদ বিন খলিফা আল থানি একটি আবেগঘন নিবন্ধ প্রকাশ করেছেন। আল জাজিরায় প্রকাশিত ওই লেখায় তিনি বাবার নেতৃত্ব, রাষ্ট্রগঠন, সংস্কৃতি, শিক্ষা এবং গণমাধ্যম উন্নয়নে তার ভূমিকার পাশাপাশি পারিবারিক জীবনের নানা স্মৃতিচারণ করেছেন।
নিবন্ধে শেখা আল মায়াসা উল্লেখ করেন, তার বাবা সবসময় ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থকে প্রাধান্য দিতেন। তিনি বলেন, কাতারের উন্নয়ন ও জনগণের কল্যাণই ছিল সাবেক আমিরের প্রধান লক্ষ্য এবং রাষ্ট্র পরিচালনায় তিনি নতুন প্রজন্মের নেতৃত্বের ওপর আস্থা রেখে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন।
তিনি আরও জানান, শেখ হামাদ তার সন্তানদের, বিশেষ করে মেয়েদের, সমানভাবে শিক্ষা, নেতৃত্ব ও দায়িত্ব গ্রহণে উৎসাহিত করতেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন যত্নশীল বাবা ও পরিবারের সদস্য ছিলেন এবং একই সঙ্গে সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া ও শিল্পের বিকাশকে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতেন।
নিবন্ধে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠাকে শেখ হামাদের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হিসেবে উল্লেখ করা হয়েছে। লেখকের ভাষ্য অনুযায়ী, তিনি মতপ্রকাশের সুযোগ সম্প্রসারণ, সংলাপের মাধ্যমে বিরোধের সমাধান এবং আরব বিশ্বের মানুষের মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বাস করতেন।
শেখা আল মায়াসা তার লেখায় বলেন, বাবার মৃত্যুতে দেশ শোকাহত হলেও তার আদর্শ, নেতৃত্ব ও উত্তরাধিকার ভবিষ্যতেও কাতারের উন্নয়নযাত্রাকে পথ দেখাবে। তিনি দেশবাসীর প্রতি ঐক্য, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আল জাজিরা উল্লেখ করেছে, এটি শেখা আল মায়াসা বিনতে হামাদ বিন খলিফা আল থানির ব্যক্তিগত মতামতভিত্তিক নিবন্ধ এবং এতে প্রকাশিত মতামত প্রতিষ্ঠানটির সম্পাদকীয় অবস্থানকে প্রতিফলিত করে না।
















