পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একজন শিক্ষকসহ আরও আট শিশু আহত হয়েছে। ধ্বংসস্তূপে আরও কেউ আটকে থাকতে পারে আশঙ্কায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের বয়স আনুমানিক চার থেকে ১২ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পুরোনো ভবনের অসমাপ্ত দ্বিতীয় তলার ছাদ নিম্নমানের নির্মাণকাজের কারণে ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভবনের টাইলস মেরামতের কাজ চলাকালেই ছাদটি ভেঙে নিচে থাকা শিশুদের ওপর পড়ে।
ঘটনার পর কোচিং সেন্টারের মালিক ও আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী, নিরাপত্তা মানদণ্ডের ঘাটতি এবং পুরোনো ভবনের কারণে ভবন বা ছাদ ধসের ঘটনা প্রায়ই ঘটে। গত বছর করাচির লিয়ারি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ২৭ জন নিহত হয়েছিল।
















