কাতারের প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বারজান কারখানার ভেতরে একটি “প্রযুক্তিগত ত্রুটির” কারণে বিস্ফোরণটি ঘটে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাতার ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপকে মোতায়েন করা হয়েছে।
কর্তৃপক্ষ আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও জানিয়েছে, বিস্ফোরণের পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে তারা নিশ্চিত করেছে যে কারখানা থেকে কোনো গ্যাস লিক হয়নি এবং জননিরাপত্তার জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই।
দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই কেন্দ্র থেকে উৎপাদিত হয়।
চলতি বছরের মার্চ মাসে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই শিল্পাঞ্চল উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছিল বলে জানিয়েছিল কাতার সরকার। ওই ঘটনার পর কাতারএনার্জি কয়েকটি আন্তর্জাতিক সরবরাহ চুক্তিতে ‘ফোর্স মেজর’ ঘোষণা করে, যার প্রভাব পড়ে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনের জ্বালানি সরবরাহে।
সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস উৎপাদন কেন্দ্রে এ ধরনের দুর্ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
















