ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে দুই নারী বাসায় পৌঁছালে চাপাতি হাতে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। ভয়ভীতি দেখিয়ে তাঁদের সঙ্গে থাকা লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার ফটকের সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় এক ব্যক্তি চাপাতি হাতে তাঁদের দিকে এগিয়ে আসে। তার পরনে ছিল লুঙ্গি, কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ। পরে আরেকজন সহযোগীকে নিয়ে দুই নারীর কাছ থেকে জোরপূর্বক মালামাল ছিনিয়ে নেয় তারা।
পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী দুই নারী ঠাকুরগাঁও থেকে বাসে করে ঢাকায় এসে শ্যামলীতে নামেন। সেখান থেকে রিকশাযোগে বাসায় ফেরার সময় বাসার সামনেই এই ঘটনার মুখোমুখি হন।
মোহাম্মদপুর থানার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা রাকিবুজ্জামান রাকিব জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
















