নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফিজুর রহমান হিরন নামের এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৭ লাখ টাকা ও বিদেশি মুদ্রাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে। গতকাল শনিবার ভোর ৩টায় উপজেলারৌ গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরন জানান, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে প্রবাস জীবন পার করছেন। নারীর টানে গত শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরেছেন। শনিবার ৩টায় ১২ থেকে ১৫ জনের একদল ডাকাত বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে নিয়ে হাফিজুর রহমান হিরনকে হাত-পা বেঁধে ফেলে। এরপর কোন প্রকার শব্দ করলে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এ সময় ঘরে থাকা নগদ ২৭ লাখ টাকা, বিদেশি মুদ্রাসহ ঘরে থাকা মূল্যবান কাপড়-চোপড় ও অন্যান্য মালামাল লুট করে নেয়। ভোর ৪টায় ডাকাতি শেষে ডাকাতরা পালিয়ে যায়।
পরে হাফিজুর রহমান হিরন পুলিশের সহযোগিতা চাইতে ৯৯৯ নম্বরে কল করেন। পুলিশ তখন তাকে রূপগঞ্জ থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পরে তিনি রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে দুপুর ১টায় পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।
















