প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইতিহাসে প্রথমবারের মতো নারী মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসী। গতকাল বুধবার (২২ এপ্রিল ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে তাকে নতুন এই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।
এর আগে তিনি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে নিয়োগের মাধ্যমে তিনি বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু নুর মো. শামসুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
একই আদেশে বর্তমান মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শাহীনা ফেরদৌসী চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্মসচিব ও উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি মাঠ প্রশাসনে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।
প্রশাসনিক মহলে তার এই নিয়োগকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে প্রাথমিক শিক্ষাখাতে নেতৃত্বে নারীর অংশগ্রহণ বৃদ্ধির দিক থেকে এটি একটি মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।















