মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর পরিবারের সঙ্গে যুক্ত একটি ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মামলা করেছেন এক ধনী বিনিয়োগকারী।
চীনা বংশোদ্ভূত বিলিয়নিয়ার উদ্যোক্তা জাস্টিন সান অভিযোগ করেছেন, ট্রাম্প পরিবারের সহ-প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল তার মালিকানাধীন টোকেন জোরপূর্বক জব্দ করার চেষ্টা করছে।
তার দাবি, প্রতিষ্ঠানটি তার সব ক্রিপ্টো টোকেন স্থগিত করে দিয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ভোটাধিকার কেড়ে নিয়েছে। এমনকি এসব টোকেন স্থায়ীভাবে মুছে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, জাস্টিন সান নিজের অনিয়ম আড়াল করতে ভিত্তিহীন অভিযোগ তুলছেন।
জাস্টিন সান বলেন, তিনি ট্রাম্প পরিবারের নামের প্রতি আস্থা রেখেই এই প্রকল্পে বিনিয়োগ করেছিলেন। তিনি প্রায় ৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেন এবং এক সময় তার টোকেনের মূল্য ১ বিলিয়ন ডলারেরও বেশি ছিল বলে দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, কোম্পানিটি শুরুতে টোকেন কেনাবেচার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
এদিকে প্রতিষ্ঠানটির এক সহ-প্রতিষ্ঠাতা পাল্টা অভিযোগ করে বলেন, জাস্টিন সানের আচরণই কোম্পানিকে পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
এই ঘটনার মধ্যে যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক সংস্থার আগের একটি তদন্তও বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কিছু রাজনৈতিক মহল প্রশ্ন তুলেছে, এই সিদ্ধান্তের সঙ্গে ট্রাম্প-সম্পর্কিত বিনিয়োগের কোনো সম্পর্ক আছে কি না।
বিশ্লেষকদের মতে, ক্রিপ্টো খাতে বড় বিনিয়োগ ও রাজনৈতিক প্রভাবের সংযোগ নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে, যা ভবিষ্যতে আরও বড় আইনি ও আর্থিক জটিলতার দিকে নিয়ে যেতে পারে।















