জাপানের একটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালি অতিক্রম করার একদিন পর পূর্ব চীন সাগরে নৌ ও বিমান বাহিনী নিয়ে যৌথ মহড়া চালিয়েছে চীন।
চীনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র শু চেংহুয়া জানান, এটি নিয়মিত বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত হয়েছে, যার লক্ষ্য যৌথ সামরিক সক্ষমতা যাচাই করা। তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী এমন অভিযান ভবিষ্যতেও চলবে এবং দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা হবে।
এর আগে জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর একটি ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালি অতিক্রম করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন অভিযোগ করেন, জাপান এই পদক্ষেপের মাধ্যমে সামরিক শক্তি প্রদর্শন করেছে এবং ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করেছে।
চীনা সামরিক বাহিনীর একটি সরকারি অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ড্রোনের মাধ্যমে ওই জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
জাপানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে জাপানের যুদ্ধজাহাজ একাধিকবার তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চীন ও জাপানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে তলানিতে নেমেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি বলেছেন, প্রয়োজনে তাইওয়ান সংকটে আত্মরক্ষা বাহিনী মোতায়েন করা হতে পারে, যা বেইজিংয়ের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বারবার উল্লেখ করে আসছে, ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ছে।
















