লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চলমান যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির মহাসচিব নাঈম কাসেম এই প্রস্তাবকে লেবাননের সার্বভৌমত্বের জন্য “অপমানজনক” বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, একতরফা কোনো যুদ্ধবিরতি মেনে নেওয়া হবে না এবং ২০২৪ সালের আগের দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির শর্তে ফিরে যাওয়ারও কোনো প্রশ্ন নেই। তার অভিযোগ, ওই সময় ইসরায়েল নির্বিচারে হামলা চালালেও হিজবুল্লাহ তা মেনে নিয়েছিল, কিন্তু কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ফল আসেনি।
এদিকে দক্ষিণ লেবাননে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। দিনের বেলায় বহু মানুষ নিজেদের বাড়িঘর দেখতে বা প্রয়োজনীয় জিনিসপত্র নিতে দক্ষিণাঞ্চলে গেলেও রাত কাটাতে সেখানে অবস্থান করছেন না।
নিরাপত্তাহীনতার কারণে তারা আবার রাজধানী বৈরুতসহ বড় শহরগুলোতে ফিরে যাচ্ছেন, ফলে দুই দিকেই যানবাহনের চাপ বেড়েছে।
স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি যেকোনো সময় আবার খারাপ হতে পারে, তাই তারা স্থায়ীভাবে বাড়িতে ফিরতে এখনো সাহস পাচ্ছেন না।
















