বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেট অঞ্চলে রবিবার সকালে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ২১ মিনিটে হঠাৎ কম্পনে সিলেটসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে, এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৩, যার প্রভাব বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়।
তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক কম্পনে অনেক মানুষ ঘরবাড়ি থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
এর আগে গত ৭ এপ্রিল একই অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা দুপুর ২টা ৪৮ মিনিটে সংঘটিত হয় এবং সিলেটসহ আশপাশের এলাকাকে কাঁপিয়ে তোলে।
সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২১ নভেম্বর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হন।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝারি মাত্রার এমন কম্পন নিয়মিত ঘটতে পারে। এ কারণে ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও পূর্বপ্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
















