মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আসার পথে রোহিঙ্গাবাহী একটি নৌকা টেকনাফ উপকূলে ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এখনো ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় উদ্ধার ১৮ জন রোহিঙ্গাকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওসি বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। এতে ২৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান জানান, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে একদল রোহিঙ্গা নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
তিনি বলেন, নৌকাডুবির খবর পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন। তারা ১৮ জনকে জীবিত উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেন।
এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা বেড়েছে। এর আগে গত ১৬ জুলাই মিয়ানমারের উপকূলে দুটি সন্দেহভাজন নৌকাডুবির ঘটনায় পাঁচ শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছিল জাতিসংঘ।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক যৌথ বিবৃতিতে জানায়, মিয়ানমারের উপকূলে পাঁচ শতাধিক আরোহী বহনকারী দুটি নৌকা ডুবে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংস্থা দুটি।
















