নড়াইলে পঞ্চম শ্রেণীর ছাত্র কৃষ্ণ হালদার (১১) কে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে। সোমবার (৬ এপ্রিল) স্কুল চলাকালীন সময়ে লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
কৃষ্ণ হালদার (১১) ফয়েজমোড় এলাকার উত্তম হালদারের ছেলে।
জানা গেছে, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র কৃষ্ণ হালদারকে শিক্ষক রানী চক্রবর্তী ব্ল্যাকবোর্ডের কালি মোছার ডাস্টার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ক্ষত সৃষ্টি হয়। পরে অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে পরিবার জানায়, এর আগেও গত ১ এপ্রিল একই বিদ্যালয়ের আরেক শিক্ষক দীপক কুমারের বিরুদ্ধে কৃষ্ণ হালদারকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমানা আক্তারকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগ করার ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে পুনরায় শিক্ষার্থীকে মারধর করা হয়।
ভুক্তভোগীর মা পল্লবী বলেন, ‘আমার ছেলে এখন আতঙ্কে রয়েছে। সে স্কুলে যেতে ভয় পাচ্ছে। মারধরের কারণে তার শরীরে অনেক ক্ষত হয়েছে।’
















