নিউইয়র্কে একটি মঞ্চনাটকের প্রদর্শনী চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জনপ্রিয় সংগীতশিল্পী মেগান থি স্ট্যালিয়নকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে প্রদর্শনীর মাঝপথে তিনি অসুস্থ বোধ করেন এবং পরে নিজেই জানান, মঞ্চেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তার।
সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, সাম্প্রতিক সময়ে তিনি নিজের সীমার বাইরে গিয়ে কাজ করছিলেন এবং শরীর সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত শরীর আর সহ্য করতে না পেরে এমন পরিস্থিতি তৈরি হয়।
তার প্রতিনিধি জানিয়েছেন, অসুস্থতার কারণ হিসেবে চরম ক্লান্তি, পানিশূন্যতা এবং শারীরিক দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি এখন বিশ্রামে আছেন।
তিনি ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, খুব শিগগিরই আবার মঞ্চে ফিরবেন এবং আগের মতোই পারফরম্যান্স দেবেন।
সম্প্রতি তিনি এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো মঞ্চ অভিনয়ে অংশ নেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত প্রধান চরিত্রে অভিনয় করার কথা রয়েছে।
তার এই অসুস্থতার ঘটনায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন।
















