লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এসব হামলায় তিনজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হন।
নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং ইন্দোনেশিয়ার প্রতিও সহানুভূতি প্রকাশ করা হয়। একই সঙ্গে আহত পাঁচজনের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকায় শান্তিরক্ষী বাহিনীর অবস্থানগুলো একাধিকবার হামলার মুখে পড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
নিরাপত্তা পরিষদ শান্তিরক্ষীদের দায়িত্ব ও আত্মত্যাগের প্রশংসা করে এবং যেসব দেশ শান্তিরক্ষী পাঠিয়েছে তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এছাড়া পরিষদ সব পক্ষকে আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিরক্ষী বাহিনীর সদস্য, তাদের স্থাপনা এবং চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, কোনো অবস্থাতেই শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ ধরনের ঘটনার তদন্ত করারও আহ্বান জানানো হয়েছে, যাতে দায়ীদের চিহ্নিত করা যায়।
একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে নিরাপত্তা পরিষদ।
















