গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিও সংশোধনীতে প্রতীক ব্যবহারের ইস্যু নিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। সালাহউদ্দিন জানান, রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে চিঠি দেবে বিএনপি। তিনি আরও জানান, প্রতীক ব্যবহার সংক্রান্ত সংশোধনীতে বিএনপি কখনোই সম্মতি দেয়নি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশনের চিঠিটা সকালে নিয়ে যাবে। মহাসচিব এতে সই করেছেন। প্রতীকের বিষয়টা নিয়ে আগেও সরকারের সঙ্গে কথা হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গেও আলোচনা হয়েছিল। আমরা কখনোই এ বিষয়ে সম্মতি দিইনি। তাছাড়া, এটা ওনারা পাশ করবেন না-এ বিষয়ে আমাদের আশ্বস্ত করা হয়েছিল।’
গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া। সংশোধিত আরপিওতে নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিধান রাখা হয়েছে।
এর আগে, আরপিওর ২১ ধারায় কোনো নিবন্ধিত দল জোটভুক্ত হলে জোটের যেকোনো দলের প্রতীকে নির্বাচন করার স্বাধীনতা ছিল। বিএনপি এই ধারাটি বহাল রাখার পক্ষে মত দিয়েছিল।
















