রাজধানীর বাংলামোটর এলাকায় সড়ক অবরোধ করেছেন ৪৩তম বিসিএসের নন–ক্যাডার চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে শুরু হয় তাঁদের এই আন্দোলন।
আন্দোলনকারীদের দাবি, বিসিএস নন–ক্যাডার নিয়োগের জন্য প্রণীত ‘বিশেষ বিধিমালা–২০২৫’ অনুমোদনে বিলম্ব এবং যোগ্য প্রার্থীদের সুপারিশ থেকে বঞ্চিত করা হচ্ছে। এসব অন্যায়ের প্রতিবাদেই তাঁরা রাস্তায় নেমে অবস্থান ও বিক্ষোভ করছেন।
এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনেও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। সেই সময়ও তাঁরা পূর্ণাঙ্গ নন–ক্যাডার তালিকা প্রকাশ ও অধিযাচিত শূন্য পদে দ্রুত নিয়োগ চেয়ে দাবি জানান।
আন্দোলনকারীরা এবারও দুই দফা দাবি উত্থাপন করেছেন—
১. ৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন–ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে।
২. জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেরিত অধিযাচিত শূন্য পদে দ্রুততম সময়ে ৪৩তম বিসিএসের নন–ক্যাডার প্রার্থীদের সুপারিশ করতে হবে।
দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে না বলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, অবহেলা ও জটিলতার কারণে যোগ্য প্রার্থীরা দীর্ঘ সময় অপেক্ষার পরও নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন।
আন্দোলনকারীদের উপস্থিতিতে বাংলামোটর এলাকায় যান চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটে বলে জানা গেছে। তবে রাত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
















