ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে দুই ব্রিটিশ নাগরিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ভাল দিজেরের কাছের মানশে উপত্যকায় এ দুর্ঘটনা ঘটে।
রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, পাঁচজনের একটি দল প্রশিক্ষকের সঙ্গে নির্ধারিত পথের বাইরে স্কি করছিলেন। তাদের মধ্যেই ছিলেন দুই ব্রিটিশ। পৃথকভাবে স্কি করা এক ফরাসি নাগরিকও তুষারধসে প্রাণ হারান। আরেক ব্রিটিশ নাগরিক সামান্য আহত হয়েছেন।
ফরাসি প্রসিকিউটর বেনোয়া বাশলে জানান, ঘটনায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার অভিযানে পাহাড়ি পুলিশ বাহিনী কাজ করছে। সংশ্লিষ্ট স্কি প্রশিক্ষকের অ্যালকোহল ও মাদক পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
ঘটনাস্থলে উপস্থিত আন্তোয়ান মার্তিনিওন জানান, মাত্র ২০ সেকেন্ডের মধ্যে তুষারধস নেমে নিচে থাকা স্কিয়ারদের ভাসিয়ে নিয়ে যায়। তিনি ও তার স্ত্রী ঘটনাটি ভিডিওতে ধারণ করেন।
সাভোয়া অঞ্চলে বৃহস্পতিবার তুষারধসের উচ্চ সতর্কতা জারি করেছিল জাতীয় আবহাওয়া সংস্থা, যা শুক্রবার তুলে নেওয়া হলেও ঝুঁকি তখনও বেশি ছিল। ঝড় নিলসের প্রভাবে আগের দিন ৬০ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছিল।
চলতি মৌসুমে এ অঞ্চলে একাধিক প্রাণঘাতী তুষারধসের ঘটনা ঘটেছে। জানুয়ারিতে লা প্লান রিসোর্টেও নির্ধারিত পথের বাইরে স্কি করতে গিয়ে এক ব্রিটিশ নাগরিক নিহত হন। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমের শুরু থেকেই তুষারের স্তর অস্থির ও ঝুঁকিপূর্ণ ছিল।
















