তিন জামায়াত কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মুজিবনগর থানার ওসি।
মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলায় ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল থেকে ঘটা এই সংঘর্ষে দুপক্ষের ২৩ জন আহত হয়েছেন।এ সময় ঘটনাস্থল থেকে তিন জামায়াত কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একই দিনে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপি সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আরও ১০ জন আহত হয়।
জাহিদুল ইসলাম বলেন, “বিএনপি ও জামায়াত সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে জামায়াত সমর্থক তিন কর্মীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।”
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ, র্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।”
















